যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে অত্যন্ত আগ্রহী। তাঁর কথায়, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন করার সুযোগ করে দিতেই যুক্তরাষ্ট্র আলোচনা সাময়িকভাবে স্থগিত রেখেছিল।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “তারা আপস করতে চায়। আমরা দয়ালু বলেই তাদের নেতার দাফনের জন্য এক সপ্তাহ সময় দিয়েছিলাম।”

বক্তৃতায় তিনি মার্কিন সামরিক শক্তির প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছে এবং অতীতে বিভিন্ন যুদ্ধে বিজয় অর্জন করেছে।

সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তাঁর দাবি, ইরান এখন আলোচনায় ফিরতে মরিয়া।

দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও সরব হন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে কমিউনিস্ট চিন্তাধারার প্রভাব বাড়ছে, যা দেশের স্বাধীনতা ও জীবনযাত্রার জন্য বড় হুমকি। তাঁর মতে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় নিশ্চিত করাই এই হুমকি মোকাবিলার একমাত্র পথ।

ট্রাম্প আরও দাবি করেন, প্রস্তাবিত ‘সেভ আমেরিকা আইন’ কার্যকর হলে রিপাবলিকানদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতের নির্বাচনে দলটি বড় সুবিধা পাবে।