পুবের কলম ওয়েব ডেস্কঃ দেশের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত-কে চিঠি পাঠিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট ইন্ডিয়া। ৬ পাতার সেই চিঠি প্রকাশ্যে নিয়ে এল ইন্ডিয়া জোট। চিঠিতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছে। অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে বিচার বিভাগের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
গত ৬ জুন রাজধানী দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে এ বিষয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই ২৩টি বিরোধী দল এবং একজন নির্দল সাংসদের স্বাক্ষরিত চিঠিটি প্রকাশ্যে আনা হয়েছে। জোটের বাইরে থাকা আম আদমি পার্টি এবং ডিএমকে-ও এতে সমর্থন জানিয়েছে।আরও পড়ুন:
চিঠিতে দাবি করা হয়েছে, দেশের নির্বাচন প্রক্রিয়া ক্রমশ বিতর্কের মুখে পড়ছে এবং অনেক ক্ষেত্রেই নির্বাচনের ফল জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করছে না।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে বিরোধীরা উদ্বেগ প্রকাশ করেছে। বিরোধী দলগুলোর বক্তব্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা নষ্ট হলে বিচার বিভাগই হয়ে ওঠে শেষ আশ্রয়স্থল। তাই নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে আদালতের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা মনে করছে।আরও পড়ুন:
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা রেখেই এই আবেদন জানানো হয়েছে। বিরোধীদের মতে, যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় এবং বিচার বিভাগও নীরব থাকে, তাহলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে। তবে বিরোধী শিবিরের এই পদক্ষেপকে তীব্র ভাষায় আক্রমণ করেছে বিজেপি। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী দাবি করেছেন, এই চিঠি গণতান্ত্রিক প্রক্রিয়াকে অস্বীকার করারই একটি প্রচেষ্টা।
আরও পড়ুন:
তাঁর অভিযোগ, বিরোধী দলগুলো সাধারণ মানুষের মনে নির্বাচন ব্যবস্থা নিয়ে সন্দেহ সৃষ্টি করে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি তিনি দাবি করেন, ভোটারদের বিভ্রান্ত করে ক্ষমতায় আসার যে রাজনৈতিক লক্ষ্য বিরোধীদের রয়েছে, এই উদ্যোগ তারই অংশ।