ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন:
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর টাকাচেঙ্কো বলেন, রুশ বাহিনী পরিকল্পিতভাবে রাজধানীর আবাসিক এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একাধিক বিস্ফোরণে শহরের বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে একটি অ্যাম্বুলেন্স স্টেশনও রয়েছে।আরও পড়ুন:
হামলার কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। তিনি দাবি করেন, রাশিয়া দীর্ঘদিন ধরেই এ ধরনের বড় হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
আরও পড়ুন:
এদিকে কিয়েভে হামলার পর প্রতিবেশী পোল্যান্ড নিজেদের আকাশসীমার নিরাপত্তা জোরদার করতে যুদ্ধবিমান মোতায়েন করেছে।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এটি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং পোল্যান্ডের ভূখণ্ডে কোনো হামলার ঘটনা ঘটেনি।আরও পড়ুন:
বর্তমান পরিস্থিতিতে পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কোস্টিয়ান্টিনিভকার দিকে রুশ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। অন্যদিকে ইউক্রেনের দাবি, তারা সাম্প্রতিক সময়ে কয়েকটি এলাকা পুনর্দখল করে রাশিয়ার রসদ সরবরাহে বাধা সৃষ্টি করেছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।