পুবের কলম ওয়েব ডেস্কঃ গাড়ির স্টিয়ারিংয়ে কোনও সাধারণ চালকের হাত ছিল না। গাড়ি চালাচ্ছিল ১১ বছরের বিশেষ চাহিদাসম্পন্ন বালক। বাবা মায়ের নজর এড়িয়ে গাড়ি নিয়ে বেড়িয়ে পড়েছিল রাস্তায়। আর তারপরেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ির চাকায় পিষ্ট হয়ে একের পর এক নিহত হলেন বৌদ্ধ ভিক্ষু।

সব মিলিয়ে নিহত হয়েছেন ৮ জন বৌদ্ধ ভিক্ষু। এছাড়াও আহত হয়েছেন ১৮ জন, যার মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে আজ সকালে থাইল্যান্ডের মুয়াং জেলার না সি নুয়ান গ্রামের একটি সড়কে। 

স্থানীয় সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ৩৪ জন বৌদ্ধ ভিক্ষুর একটি দল ধর্মীয় পদযাত্রার অংশ হিসেবে ডন তান জেলার দিকে হেঁটে যাচ্ছিলেন। বেলা পৌনে ১২টার দিকে দ্রুতগতির একটি ইসুজু পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।

একের পর এক ভিক্ষুকে পিষে দিয়ে এগোতে থাকে গাড়িটি। এরফলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৫ জন। গুরুতর আহত অবস্থায় মুকদাহান হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ওই বালক বিশেষ চাহিদা সম্পন্ন। সে অভিভাবকদের নজর এড়িয়ে গাড়ির চাবি নিয়ে সে একাই ডন তান জেলা থেকে মুয়াং জেলার দিকে গাড়ি চালিয়ে আসছিল।

কিন্তু, সে গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ফলস্বরূপ এই দুর্ঘটনা। এদিনের দুর্ঘটনার জেরে রক্তে ভেসে যায় রাস্তা।   বৌদ্ধ ভিক্ষুদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় রাস্তায়। আশঙ্কা করা হচ্ছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।