আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের সম্পর্ককে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে ওঠা এক গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব বলে উল্লেখ করেছেন তিনি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি লেখেন, “১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার জনগণকে স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তিতে আন্তরিক শুভেচ্ছা জানাই।”
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী বলেন, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক শুধু কৌশলগত অংশীদারিত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়। দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসনের প্রতি অঙ্গীকার এবং জনগণের অসীম সম্ভাবনার ওপর ভিত্তি করেই এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।
আরও পড়ুন:
ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও আশাবাদ ব্যক্ত করে মোদি বলেন, আগামী বছরগুলোতে এই অংশীদারিত্ব আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আমেরিকার জন্য আগামী দিনগুলো আরও সমৃদ্ধি, শান্তি ও অগ্রগতির বার্তা বয়ে আনবে।
উল্লেখ্য, গত মাসে ফ্রান্সে অনুষ্ঠিত জি-সাত শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হয়। দুই নেতার মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে ট্রাম্প ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে অত্যন্ত ঘনিষ্ঠ বলে উল্লেখ করেছিলেন এবং দুই দেশের সহযোগিতা ভবিষ্যতেও আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছিলেন।