পুবের কলম ওয়েব ডেস্কঃ ব্যাপক ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। এরফলে কোথাও হড়পা বান আবার কোথাও ধস নেমে বিপর্যস্ত হয়েছে জনজীবন। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তরফে জানানো হয়েছে, এরফলে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ক্ষয়ক্ষতি হয়েছে ১৬ কোটি টাকার সম্পত্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন অংশে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

 

জানা গিয়েছে, শুক্রবার কিন্নরের চোলিং এলাকায় প্রবল বৃষ্টির জেরে হড়পা বান আসে। যার ফলে ওই রাস্তায় ধস নামে। এর জেরে শিমলা রেকং পিও জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আরও জানা গিয়েছে, আরও জানা গিয়েছে, ধস নামার সময় ওই রাস্তা দিয়ে দুটি গাড়ি যাচ্ছিল। তবে সৌভাগ্যক্রমে দুটি গাড়িই বড়সর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

ধসের পরেই সেখানে উদ্ধারকাজ শুরু হয়ে যায়। অন্যদিকে, হড়পা বান দেখা যায় রিব্বা এলাকায়। এরফলে  রিব্বা-কান্দে সংযোগকারী রাস্তাও অবরুদ্ধ হয়ে পড়ে। সেখানে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় সবমিলিয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ঝড়বৃষ্টির জেরে চলতি মরশুমে এখনও পর্যন্ত ৪৯ টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত তিন দিনে সেখানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ ছিল ৩০.৯ মিলিমিটার। 

উল্লেখ্য, হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। আগামী ১২ জুলাই পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই সেখানে বিভিন্ন জায়গায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।