বিশ্বকাপে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে ওঠার আনন্দ উদ্যাপন করতে গিয়ে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।
মঙ্গলবার রাতে বিশ্বকাপের ম্যাচে মেক্সিকো ২-০ গোলে ইকুয়েডরকে পরাজিত করার পর হাজার হাজার সমর্থক রাজধানীর প্রধান সড়ক প্যাসেও দে লা রেফর্মা এলাকায় জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠেন। তবে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার একপর্যায়ে কয়েকজন শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মলিনা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুই নারী রয়েছেন।
আরও পড়ুন:
জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন ক্লারা ব্রুগাদা। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতে বড় ধরনের জনসমাগমে আরও সতর্ক ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, প্রায় চার দশক পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় পাওয়ার আনন্দে মেতে উঠেছিল মেক্সিকো। কিন্তু সেই ঐতিহাসিক জয় উদ্যাপন শেষ পর্যন্ত পরিণত হয়েছে শোকে।