উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: রাজ্যে ফের নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে উত্তাল বারুইপুর। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুর এলাকায় ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রবিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়।

বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। রবিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক যুবককে শেষবার ওই নাবালিকার সঙ্গে দেখা গিয়েছিল।

তাকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, এই ঘটনায় আরও তিন জন জড়িত রয়েছে। এরই মধ্যে এক যুবককে খুঁজে বের করে গণপিটুনি দেওয়া হয়। পরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। 

বারুইপুর থানার ধপধপি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় রেললাইনের পাশের একটি পুকুর থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল ৪টা থেকে সে নিখোঁজ ছিল। খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা।

স্থানীয়দের অভিযোগ, চার যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনার জেরে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। পাশাপাশি, সূর্যপুর রেলস্টেশনে দীর্ঘক্ষণ রেল অবরোধ চলায় লক্ষ্মীকান্তপুর–নামখানা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী এবং বারুইপুর থানার পুলিশ।

স্থানীয়রা প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে, মৃত নাবালিকার বাবার সঙ্গে ফোনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার তিনি মৃতার পরিবারের সঙ্গে দেখা করবেন বলেও সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর দীর্ঘ সময়ের অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।