পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্য সরকারের প্রশাসনিক কাজ যাতে কোনও অবস্থাতেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের বিভিন্ন সেলের কর্মীদেরও প্রয়োজন অনুযায়ী শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন পালা করে অফিসে উপস্থিত থাকতে হবে। বৃহস্পতিবার দপ্তরের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশ প্রকাশ করা হয়েছে।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের প্রায়ই ছুটির দিনেও গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ সামলাতে হয়।

তাঁদের কাজের সুবিধার্থে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন শাখায়ও ন্যূনতম সংখ্যক কর্মীকে দায়িত্বে রাখতে হবে। সেই কারণে প্রতিটি শাখাকে পালাভিত্তিক উপস্থিতির তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের বক্তব্য, জরুরি প্রশাসনিক কাজ যাতে কোনও দিনই থেমে না যায়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী নির্ধারিত কর্মীরা ছুটির দিনেও অফিসে এসে দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।

দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের ভিত্তিতে এই নির্দেশ জারি করেছেন বিশেষ সচিব। নবান্ন সূত্রে জানা গেছে, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অধীনেই জেলা শাসক, মহকুমা শাসক এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকদের দপ্তর পরিচালিত হয়। ফলে ভবিষ্যতে একই ধরনের পালাভিত্তিক হাজিরার নিয়ম জেলা ও মহকুমা স্তরেও চালু হতে পারে বলে প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এদিকে অর্থ দপ্তরও সম্প্রতি পৃথক এক বিজ্ঞপ্তিতে আগামী ছুটির সূচি জানিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ণ দিবস সরকারি ছুটি এবং চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যপালের অনুমোদন পেলেই এই ছুটির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।