পুবের কলম ওয়েবডেস্কঃ বর্তমানে অনলাইনে বিশেষ করে ইউপিআই মারফত লেনদেন যত বেড়েছে ততই বেড়েছে সাইবার জালিয়াতি। এই আবহে এই ধরনের অপরাধ ঠেকাতে বিরাট বদল আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নির্দিষ্ট কিছু ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ১ ঘণ্টার বিরতি চালু করার প্রস্তাব দিয়েছে আরবিআই। এই প্রস্তাব কার্যকর হলে স্বাবাবিকভাবেই ইউপিআই লেন্দেনে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

প্রস্তাব অনুযায়ী, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে ট্রান্সফারের লেনদেন ১০,০০০ টাকার বেশি হলে এই নিয়ম প্রযোজ্য হতে পারে।

আর সেটা হলে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে টাকা ব্যঙ্ক থেকে কেটে নেওয়া হবে তবে তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছবে ১ ঘণ্টা পর। জানা জাছে, এই সময়ের মধ্যে ট্রান্সফার বাতিল করা যাবে। অর্থাৎ এটি প্রতারণার মামলা হলে গ্রাহক প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে পারবেন। যদিও কিউআর কোড স্ক্যানের ক্ষেত্রে অথবা শপিং বা ব্যবসায়িক ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবেন না বলেই প্রস্তাবে জানানো হয়েছে। আরবিআই জানিয়েছে, বর্তমান হ্যাকাররা ভয় দেখিয়ে, ভুল বুঝিয়ে বা চাপ দিয়ে অনলাইন জালিয়াতি করছে।
এক্ষেত্রে একবার টাকা কেটে গেলে ফেরত পাওয়ার সুযোগ খুব কম থাকে। ফলে এই প্রস্তাব কার্যকর হলে প্রতারকদের সেই প্রথাকে ভাঙা সম্ভব হবে।  

আরবিআই বলছে, এই ১ ঘণ্টার বিরতি শুধু ব্যবহারকারীকেই নয়, ব্যাঙ্ককেও সাহায্য করবে। এক্ষেত্রে ব্যাঙ্কের যদি কোনও লেনদেন সন্দেহজনক বলে মনে হয় তাহলে গ্রাহকের কাছে সে বিষয়ে কনফার্মেশন চাইতে পারবে ব্যাঙ্ক। ফলে এটি শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয় বরং ব্যবহারকারীর আচরণগত নিরাপত্তা বাড়ানোর একটি উদ্যোগ।

তবে এরফলে অনেক ক্ষেত্রে লেনদেনেও সমস্যা হবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। তাঁদের মতে, এক্ষেত্রে ইউপিআই-এর সুবিধা কমে যাবে। যদিও তাতে প্রভাব পড়বে না বলেই দাবি করছে অনেকে। বিশেষ করে রোজকার ছোটখাটো কেনাকাটা, ই-কমার্স পেমেন্ট বা অনলাইন শপিং, যে সব পেমেন্ট আগে থেকে অটো-ডেবিট বা প্রি-অথোরাইজড করা আছে, সেখানে কোনও দেরি হবে না। আর লেনদেনও নিরাপদভাবে সম্ভব হবে।