পুবের কলম ওয়েব ডেস্কঃ  এবারের ফুটবল বিশ্বকাপে প্রথমবার অংশগ্রহণ করে যেন প্রতি নিয়ত রূপকথার গল্প লিখে চলেছে পাঁচ লক্ষের দেশ কেপ ভার্দে। গ্রুপ পর্বে তারা দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে থামিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। এবার আটলান্টিক মহাসাগরের এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রের ফুটবল টিমের সামনে আসতে চলেছে বড় চ্যালেঞ্জ। আগামী ৪ জুলাই মিয়ামিতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে তারা মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে।

গুরুত্বপূর্ণ ওই ম্যাচটি ঘিরে বেশ রোমাঞ্চিত কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, কেপ ভার্দে যদি আর্জেন্টিনাকে হারাতে পারে, সেটা হবে বিশ্বকাপ জয়ের মতো। এক সাক্ষাৎকারে জোসে মারিয়া নেভেস বলেন, ‘আমার মনে হয়, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমাদের দল জেতার জন্যই মাঠে নামব।
যখন কোনও দলের ওপর প্রত্যাশা কম থাকে, কিন্তু জয়ের ক্ষিদে থাকে প্রবল, তখন অনেক কিছুই সম্ভব। নিজেদের ওপর ১০০ শতাংশ বিশ্বাস আছে। জার্সির মর্যাদা রাখতে মাঠে আমাদের দেশের ছেলেরা শেষ পর্যন্ত লড়াই করবে। কেপ ভার্দে যদি আর্জেন্টিনাকে হারাতে পারে, আমরা ধরে নেব, বিশ্বকাপ জিতে গিয়েছি। বিশ্বকাপে সেটাই হবে কেপ ভার্দের জন্য ঐতিহাসিক ও অবিশ্বাস্য এক অর্জন।’