নেদারল্যান্ডসের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে ৩-২ গোলে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে মরক্কো দলের দুটি আবেগঘন মুহূর্ত।
টাইব্রেকার শুরুর আগে কোচ মোহাম্মদ ওয়াহবি খেলোয়াড়দের নিয়ে মোনাজাতে অংশ নেন। এরপর সাইবারির জয়সূচক শট জালে জড়ানোর সঙ্গে সঙ্গেই মরক্কোর ফুটবলাররা মাঠে সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দল ১-১ সমতায় ছিল।

৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই গোল করে মরক্কোকে সমতায় ফেরান ইসসা ডিওপ।
টাইব্রেকারে শুরুটা ভালো হয়নি মরক্কোর। প্রথম শট থেকে গোল পায় নেদারল্যান্ডস, অন্যদিকে মরক্কোর এল আয়নাউয়ি গোল করতে ব্যর্থ হন। তবে দ্বিতীয় শটে জাস্টিন ক্লাইভার্টের মিসে ম্যাচে ফেরে মরক্কো।

এরপর রাহিমি ও শেমসদিন তালবি গোল করলেও ডাচদের কুইন্টেন টিম্বার্স শট পোস্টের বাইরে মারেন। মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিও গোল করতে পারেননি, তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে।
শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের সামারভিলের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনো। এরপর সাইবারি জয়সূচক গোল করে মরক্কোকে শেষ ষোলোতে তুলে দেন।
জয়ের পর মরক্কোর ফুটবলারদের সিজদার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং ফুটবলপ্রেমীদের আবেগাপ্লুত করে।