ক্যানিংয়ের মৌখালিতে তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন ক্যাফে ‘অরণ্যের কুলে’ ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। অভিযোগ, মাতলা নদীর চর ও সেচ দপ্তরের জমি দখল করে বেআইনিভাবে ক্যাফেটি নির্মাণ করা হয়েছিল।

বৃহস্পতিবার সকাল থেকেই প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে কাঠামো ভাঙার কাজ শুরু হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহকুমাশাসকের দপ্তর থেকে আগেই ক্যাফে কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়েছিল।

ক্যাফের বৈধ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। নথি খতিয়ে দেখে প্রশাসনের দাবি, নদীর চর দখল করে তৈরি হওয়া এই ক্যাফের কোনও বৈধ অনুমোদন ছিল না।

উল্লেখ্য, ভাঙড় বিস্ফোরণকাণ্ডে শওকত মোল্লার গ্রেপ্তারের পরই তাঁর ছেলে ইমরান মোল্লার এই ক্যাফেটি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। তদন্তের সময় প্রশাসনের নজরে আসে ক্যাফেটির জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগ।

এরপরই বেআইনি নির্মাণের অভিযোগে ক্যাফে ভাঙার নির্দেশ জারি করা হয় এবং বৃহস্পতিবার থেকে সেই নির্দেশ কার্যকর করতে শুরু করেছে প্রশাসন।