পুবের কলম ওয়েবডেস্ক, ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ স্বজনদের খোঁজ চালিয়ে যাচ্ছেন হাজারো মানুষ। তবে উদ্ধারকর্মীদের মতে, জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা এখন অত্যন্ত ক্ষীণ। সর্বশেষ হিসাব অনুযায়ী, প্রাণহানির সংখ্যা বেড়ে ২ হাজার ২৯৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ, আর প্রায় ৫০ হাজার মানুষ এখনও নিখোঁজ বলে জানিয়েছে জাতিসংঘ।
বিপর্যয়ের ভয়াবহতা বিবেচনায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

রাজধানী কারাকাসের উত্তরের লা গুয়াইরা শহরে বহু ধসে পড়া ভবনে ‘ডি’ চিহ্ন দেওয়া হয়েছে, যা নির্দেশ করে সেখানে জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি।

স্পেনের উদ্ধারকারী দলের সমন্বয়কারী হাভিয়ের রোদেস জানান, তার দলের প্রশিক্ষিত কুকুরও ধ্বংসস্তূপে জীবনের কোনো চিহ্ন খুঁজে পায়নি। তবে এর মধ্যেই ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধারের ঘটনা আশার আলো দেখিয়েছে।

৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশটি। প্রায় ১৩ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে, ত্রাণ বিতরণকে ঘিরে বিশৃঙ্খলাও দেখা দিচ্ছে। ধ্বংসস্তূপ থেকে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকির কথা জানিয়েছে। এদিকে নাসার প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সহায়তার জন্য কোটি কোটি ডলারের তহবিল চেয়েছে।