পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোটকে নিয়ে ‘মুজরা’ বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারে একটি সমাবেশে ‘ইন্ডিয়া’র বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইন্ডির নেতারা সাম্প্রদায়িক। তাই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে চাইছেন। ভোটব্যাঙ্কের দাসত্ব করতে গিয়ে মুজরা শুরু করেছেন।

’ এবার মোদির মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। তিনি বলেন, 'প্রধানমন্ত্রীকে অবশ্যই তার পদের মর্যাদা বজায় রাখা উচিত। ‘মুজরা’ এক ধরনের নৃত্য যা সাধারণত গণিকারা নেচে থাকেন।'

উত্তরপ্রদেশের গোরখপুরে মিত্র ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে এক সমাবেশে প্রিয়াঙ্কা গান্ধি বলেন, ‘কোনও প্রধানমন্ত্রী এমন ভাষা ব্যবহার করতেন না। মোদিজি এসব কী বলছেন?

তাঁর পদের মর্যাদা বজায় রাখা কি তার দায়িত্ব নয়? আমরা প্রধানমন্ত্রী পদকে সম্মান করি। তার বাস্তবতা এখন সবাই দেখতে পাচ্ছে। দেশের কাছে বেশি বাস্তবতা দেখাবেন না। তিনি ভুলে গেছেন যে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। দেশের ভবিষ্যৎ প্রজন্ম কী বলবে।’ কংগ্রেস নেত্রী আরও বলেন, বিজেপির প্রার্থীরাই দাবি করছেন যে দল আবার ক্ষমতায় আসলে সংবিধান পরিবর্তন করা হবে।