পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে আততায়ীদের গুলিতে নৃশংসভাবে খুন হয়েছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। বুধবার রাতের এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই খুনের নেপথ্যে ভিন রাজ্যের ‘শার্প শুটার’দের হাত রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকার কুলুপ গ্রামের বাসিন্দা চন্দ্রনাথের মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার।

পাড়ার প্রিয় ‘চন্দ্র’র এমন পরিণতি মানতে পারছেন না প্রতিবেশীরাও। শোকস্তব্ধ মা হাসিরানি রথ সরাসরি আঙুল তুলেছেন রাজনৈতিক প্রতিহিংসার দিকে। তাঁর অভিযোগ, চন্দ্রনাথ নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের দায়িত্বে ছিলেন। তৃণমূল নেতারা এই খুন করেছে।
তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

ছেলের হত্যাকারীদের আমৃত্যু কারাদণ্ড চান নিহতের মা। তিনি বলেন, “আমি একজন মা, চাই না কারও কোল খালি হোক। কিন্তু যারা এই কাজ করেছে, তাদের যাবজ্জীবন কারাদণ্ড হোক।

ভোটের আগে নেতারা বলেছিলেন ৪ তারিখের পর দিল্লির বাপও বাঁচাতে পারবে না—আজ সেটাই তাঁরা করে দেখালেন।”

ঘটনার গুরুত্ব বিচার করে রাজ্য পুলিশ ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের সন্দেহ, আততায়ীরা ভিন রাজ্য থেকে এসেছিল এবং খুনের পর বিমানে করে রাজ্য ছেড়ে পালিয়েছে। সেই সূত্র ধরে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের খোঁজে ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে সিআইডি-র একটি বিশেষ দল।