পুবের কলম, ওয়েবডেস্ক: বেতন বৃদ্ধি ও ওভারটাইমের বকেয়া পাওনার দাবিতে উত্তাল হয়ে উঠল নয়ডার ২ নম্বর ফেজ এলাকা। সোমবার সকালে একটি বেসরকারি সংস্থার সামনে কয়েক হাজার শ্রমিকের বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে দফায় দফায় কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।


 
সূত্রের খবর, গত তিন দিন ধরে ওই বেসরকারি সংস্থার কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ চালাচ্ছিলেন। কিন্তু সোমবার সকালে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত শ্রমিকরা অফিসের আসবাবপত্র এবং বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুর করতে শুরু করেন। পুলিশ বাধা দিতে গেলে বিক্ষোভকারীরা তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়েন বলে অভিযোগ।
পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
 
বিক্ষোভের তীব্রতা শুধুমাত্র ২ নম্বর ফেজেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে নয়ডার অন্যান্য প্রান্তেও। জানা যায়, ১ নম্বর ফেজে (সেক্টর ৮৪) আন্দোলন চরম আকার নেয়। উত্তেজিত জনতা অন্তত দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
৬২ নম্বর সেক্টরে কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। প্রশাসন জানিয়েছে, কয়েকদিন আগেই জেলা প্রশাসন ও উন্নয়ন কর্তৃপক্ষের আধিকারিকরা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই আশ্বাসে কর্ণপাত না করেই সোমবার সকাল থেকে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে।
 
শ্রমিক আন্দোলনের জেরে নয়ডা এবং সংলগ্ন এলাকায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। ক্রাউন প্লাজা ফ্লাইওভারের কাছে তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েন নিত্যযাত্রীরা। সেক্টর ৬২ গোলচত্বর থেকে এনআইবি (NIB) পুলিশ পোস্ট পর্যন্ত রাস্তায় জনসাধারণের প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছে। বেশ কিছু জায়গায় রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়েছে।