পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের নয়ডায় ফের মাথাচাড়া দিল শ্রমিক অসন্তোষ। মঙ্গলবার সকালে সেক্টর ৮০ এলাকায় নতুন করে বিক্ষোভে ফেটে পড়েন কারখানার শ্রমিকরা। তাঁদের দাবি, সরকার ঘোষিত বেতন বৃদ্ধি পর্যাপ্ত নয় এবং তা নিয়ে স্বচ্ছতা বজায় রাখা হয়নি। এই দাবিতে সকাল থেকেই আহুজা কারখানার সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
 
পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের সরাতে গেলে তাঁদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়, যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

উল্লেখ্য, শ্রমিকদের আন্দোলনের পরই রাজ্য সরকার ন্যূনতম বেতন বৃদ্ধির ঘোষণা করে। সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত বাড়ানোর কথা জানানো হলেও তাতে সন্তুষ্ট নন শ্রমিকদের একাংশ। তাঁদের অভিযোগ, দক্ষ ও অদক্ষ শ্রমিকদের একই হারে বেতন বৃদ্ধি করা হয়েছে, যা অন্যায্য। পাশাপাশি, দীর্ঘদিন কাজ করানোর পর ছাঁটাই করে নতুন কর্মী নিয়োগের অভিযোগও তুলেছেন তাঁরা। প্রশাসনের মতে, বেতন বৃদ্ধিকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোই এই অশান্তির মূল কারণ।
অন্যদিকে, রাজ্যের শ্রমমন্ত্রী দাবি করেছেন, এই বিক্ষোভের পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র থাকতে পারে এবং বাইরের প্রভাবও খতিয়ে দেখা হচ্ছে।
 
সোমবার এই বিক্ষোভের জেরে প্রায় ৪০-৪৫ হাজার শ্রমিক রাস্তায় নেমে পড়েন, যার ফলে নয়ডার একাধিক শিল্পাঞ্চলে অচলাবস্থা তৈরি হয়। গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি বলেই মনে করছে প্রশাসন।