পুবের কলম ওয়েবডেস্ক :
বিজেপি সভাপতি শমীক ভট্টাচাৰ্য ডিম রাজনীতি পছন্দ করেননা বললেও নদিয়ার কালীগঞ্জে এবার সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ করে ডিম ছুড়ল স্থানীয়রা। মহুয়া মৈত্রর অভিযোগ ডিম ছুড়েছেন স্থানীয় বিজেপি কর্মীরা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। বিষয়টি নিজেই ফেসবুক লাইভ করে শেয়ার করেন তিনি।জানা গিয়েছে, এ দিন নদিয়ার কালীগঞ্জের পলাশিতে বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে তৃণমূলের একটি বৈঠক ছিল। সেখানেই হাজির ছিলেন মহুয়া। সেই সময়েই বাড়ির নীচে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়।
দেওয়া হয় ‘গো ব্যাক স্লোগান’। শুরু ডিম বৃষ্টি সঙ্গে চোর স্লোগান।মহুয়ার অভিযোগ, প্রত্যেকেই বিজেপি কর্মী। নিজেই সমাজ মাধ্যমে লাইভ ভিডিয়ো করতে থাকেন সাংসদ মহুয়া মৈত্র। সাংসদের অভিযোগ, ‘আপনারা দেখুন, রাজ্য সরকার বদল হওয়ার পরে আইন-শৃঙ্খলা শিকেয় উঠেছে। পুলিশ প্রশাসন নির্বিকার। এবার আমাকে হামলা করার ছক করেছে বিজেপি। এরা কেউ সাধারণ মানুষ নয়, এঁরা বিজেপি কর্মী।’ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সরিয়ে দেওয়া ব্যবস্থা করা হয়।তবে মহুয়া মিত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার এর আগেও চেষ্টা হয়েছিল। গত ১৩ জুন কৃষ্ণনগর জেলা আদালতে একটি মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল মহুয়ার। সেই খবর পেয়েই আদালত চত্বরে জড়ো হন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। পাল্টা মহুয়া সে দিন বলেছিলেন, ‘প্রত্যেকটা বিরুদ্ধে পদক্ষেপ করব। থানায় যাব। এখন পুলিশ আপনাদের, হাইকোর্টে যাব। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।’
ভিডিও পোস্ট করে তিনি পুলিশ প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন। তাঁর দাবি, পরিস্থিতি সামাল দেওয়ার বদলে পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। অন্যদিকে, মহুয়ার অভিযোগের জেরে রাজনৈতিক তর্জাও শুরু হয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।