পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপের ‘রাউন্ড অফ ৩২’-এ সোমবার রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ে। টুর্নামেন্টের শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার লক্ষ্যে নামছে দু’দল। 

গ্রুপে শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে যায় জার্মানি। সেটা যে ‘অঘটন’ ছিল সেটাও প্রমাণ করতে হবে নাগেলসম্যানকে।

প্রথম দুটি ম্যাচে জার্মানির পারফরম্যান্স ছিল অত্যন্ত বলিষ্ট। তাছাড়া কোনও একজন নির্দিষ্ট খেলোয়াড়ের উপরে নির্ভর না করে, দলের একাধিক খেলোয়াড় গোল করার দায়িত্ব ভাগ করে নিয়েছেন। তবে ২০১৪ সালের খেতাব জয়ী দলটির তুলনায় বর্তমান জার্মান দলটি বেশ তরুণ। এই দলের কয়েকজন খেলোয়াড় এর আগে কখনোই বিশ্বকাপের নক আউটের ম্যাচ খেলেননি।
 

অন্যদিকে প্যারাগুয়ে তাদের গ্রুপে তৃতীয় হয়ে যোগ্যতা অর্জন করেছে। শারীরিক দিক থেকে তারা বেশ আগ্রাসী। সেট-পিসে প্যারাগুয়ে বিপদজনক হতে পারে। তাদের রক্ষণভাগও বেশ সংগঠিত। তারা যদি প্রথম গোল করে বসে, তাহলে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যেতে পারে। বিশ্বকাপের পরিধি বাড়ার পরে অতীতেও দেখা গিয়েছে, গ্রুপে তৃতীয় হয়ে আসা দলগুলি বড় অঘটন ঘটিয়েছে।