পুবের কলম, ওয়েবডেস্ক: বেঙ্গালুরু দক্ষিণ তালুকে একটি পাথর খাদানে ভয়াবহ পাথর ধসের ঘটনায় অন্তত ৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে বেঙ্গালুরু আরবান এবং বেঙ্গালুরু দক্ষিণ জেলার সীমান্তবর্তী মাডাপাট্টানা এলাকার একটি পাথর ক্রাশার সাইটে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের অধিকাংশেরই বাড়ি বিহারে এবং তাঁরা সকলেই দৈনিক মজুরির ভিত্তিতে সেখানে কাজ করতেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরবেলা যখন শ্রমিকরা খাদানে পাথর উত্তোলনের কাজ করছিলেন, ঠিক তখনই আনুমানিক ৪০ ফুট ওপর থেকে একটি বিশাল আকৃতির গ্রানাইট পাথর হুড়মুড়িয়ে শ্রমিকদের ওপর ভেঙে পড়ে। বিশাল পাথরের চাঁইয়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন শ্রমিকের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও এক শ্রমিকের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮।
দুর্ঘটনার তীব্রতা এতটাই ভয়ানক ছিল, পাথর কাটার সাইটে থাকা ভারী লোডিং গাড়িগুলি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। একটি ট্রাক্টর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঘটনার সময় সেখানে বিহার এবং উত্তর কর্ণাটকের প্রায় ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর পরই নিখোঁজ ও আহত শ্রমিকদের পরিবার ও বন্ধুদের কান্নায় পুরো এলাকায় এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে বাকিদের উদ্ধারের কাজ শুরু করে।