পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের ভোজপুর জেলায় পুলিশ এনকাউন্টারে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, ঠিক তখনই এক বড় পদক্ষেপ নিল প্রশাসন। নিহত যুবকের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে জগদীশপুরের এসডিপিও এবং শাহপুর থানার তৎকালীন এসএইচও-সহ মোট ৫ জন পুলিশ কর্মীর বিরুদ্ধে একটি এফআইআর রুজু করা হয়েছে। ভোজপুরের পুলিশ সুপার পুলিশ কর্মীদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১৭ জুন পুলিশের বিতর্কিত এনকাউন্টারে ভরত ভূষণ তিওয়ারি নামের ওই যুবকের মৃত্যু হয়।

এরপরই তাঁর মা আশা দেবী পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে ভোজপুরের এসপির দ্বারস্থ হন।

পুলিশ সুপারের কাছে জমা দেওয়া অভিযোগে নিহতের মা আশা দেবী পুলিশের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর এবং চাঞ্চল্যকর কিছু দাবি করেছেন। তাঁর অভিযোগ, ভরত ভূষণ তিওয়ারি এলাকায় বন্যা-বিধ্বস্ত ও উচ্ছেদ হওয়া মানুষদের অধিকারের দাবিতে প্রশাসনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন। ঘটনার দিন একটি ফেসবুক লাইভ সম্প্রচার করার সময় ভরত তাঁর হাতের অস্ত্র ফেলে দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন।

কিন্তু অভিযোগ, তা সত্ত্বেও পুলিশ কর্মীরা তাঁকে জোরপূর্বক ধরে মাটিতে ফেলে দেন এবং অত্যন্ত কাছ থেকে ঝাঁঝরা করে দেন। ভরতের শরীরে ৫টি বুলেট লেগেছিল। আশা দেবীর দাবি, জগদীশপুরের ডিএসপি-র সরাসরি নির্দেশেই পুলিশ কর্মীরা এই গুলিবর্ষণ করেন।

পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর পুলিশ ভরতকে তুলে নিয়ে যায় এবং দীর্ঘ কয়েক ঘণ্টা পরিবারকে কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি। অবশেষে সন্ধ্যার দিকে তাঁদের জানানো হয়, ভরতের মৃত্যু হয়েছে। পরিবারটি এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত এবং দোষী পুলিশ অফিসারদের কঠোর শাস্তির দাবি তোলেন।