পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে শিক্ষার মানোন্নয়ন এবং সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা নিয়ে বড় পদক্ষেপ করল বিহার সরকার। মূলত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ করা হয়েছে। সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত বিদ্যালয়ে বিশেষ পরিদর্শন চালানোর নির্দেশ দিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। শিক্ষা দফতরের সচিব বিনোদ সিং গুঞ্জিয়ালের জারি করা নির্দেশিকা অনুযায়ী, জেলার শিক্ষা আধিকারিকদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে সরেজমিনে পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি যাচাই করতে হবে।
সরকারের মতে, যেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বেতন পান, সেগুলির কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনা জরুরি।আরও পড়ুন:
পরিদর্শনের জন্য ব্লক স্তরে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিদ্যালয়গুলির পাঠদান পদ্ধতি, ছাত্রছাত্রীদের উপস্থিতি, পরিকাঠামো এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থা খতিয়ে দেখবে। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।
শিক্ষা দফতরের দাবি, সরকারি অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলি নির্ধারিত শিক্ষাগত মান বজায় রাখছে কি না এবং তহবিল সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।আরও পড়ুন:
এর পাশাপাশি মাদ্রাসা, সংস্কৃত বিদ্যালয় এবং সংখ্যালঘু সম্প্রদায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দিষ্ট অনলাইন পোর্টালে ছাত্রছাত্রী, শিক্ষক ও অন্যান্য কর্মীদের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ডিজিটাল ব্যবস্থা প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণে স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং নিয়মিত নজরদারি চালাতে সহায়ক হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিহারে প্রায় ১৯৩৭টি অনুদানপ্রাপ্ত মাদ্রাসা রয়েছে, যেগুলি শিক্ষা দফতরের আর্থিক সহায়তা পায়। অন্যদিকে, বিহার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তিন হাজারেরও বেশি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। সেখানে প্রায় সাত লক্ষ পড়ুয়া পরাশনা করছে এবং কর্মরত রয়েছেন ১৫ হাজারেরও বেশি শিক্ষক।