পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপে চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। কিন্তু, উত্তর আমেরিকা বিশ্বকাপে গ্রুপ পর্বেই ব্যর্থ হয়েছে দেশটির ফুটবল টিম। ইতিমধ্যেই ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে দলটির প্রধান কোচ হং মিয়ুং বো পদত্যাগ করেছেন। এবার দলের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিলেন দেশটির প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং।
এছাড়াও ক্রীড়া প্রশাসনে সংস্কারের নির্দেশ দিয়েছেন।দক্ষিণ কোরিয়া চেকিয়াকে প্রথম ম্যাচে ২-১ গোলে হারালেও মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে পরের ম্যাচগুলিতে শোচনীয়ভাবে হেরেছে তারা। উভয়ক্ষেত্রে গোলের ব্যবধান ছিল ১-০। ফলে তিন পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সেরা তৃতীয় দল হিসেবেও নকআউটে জায়গা হয়নি দক্ষিণ কোরিয়ার।
দলের এমন পারফম্যান্সে মোটেও খুশি নন প্রেসিডেন্ট। তিনি দলের কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, 'বিশ্বকাপের মতো আসরে অংশ নিতে করদাতাদের অর্থ ও রাষ্ট্রীয় তহবিল ব্যয় করা হয়। তাই আমি সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে এই ব্যর্থতার পূর্ণাঙ্গ তদন্ত ও বিশ্লেষণের নির্দেশ দিয়েছি, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।'তিনি আরও বলেন,'এ ধরনের ব্যর্থতা যাতে আর না ঘটে, সে জন্য ক্রীড়া প্রশাসনে দ্রুত প্রয়োজনীয় সংস্কার আনা হবে।'