পুবের কলম, ওয়েবডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের বড়সড় ভাঙনের মুখে পড়ল প্রধান বিরোধী দল এআইএডিএমকে। দলের প্রধান ইডাপ্পাডি কে পলানিস্বামীর অস্বস্তি বাড়িয়ে এবার দল ও বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী এম আর বিজয়ভাস্কর। রাজ্য বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকে এই নিয়ে এআইএডিএমকে-র মোট ৬ জন বিধায়ক দল ছাড়লেন। করুরের বর্তমান বিধায়ক এম আর বিজয়ভাস্কর আজ সকালে রাজ্য সচিবালয়ে গিয়ে বিধানসভার স্পিকার জেসিডি প্রভাকরের সঙ্গে দেখা করেন এবং তাঁর কাছে বিধায়ক পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন:
সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের পর এমনিতেই এআইএডিএমকে বিধানসভায় তৃতীয় স্থানে নেমে গেছে, তার ওপর এই একের পর এক হেভিওয়েট নেতার দলত্যাগ দলের অন্দরে তীব্র রাজনৈতিক অস্থিরতা তৈরি করেছে। এআইএডিএমকে-তে এই ধসের সরাসরি ফায়দা তুলছে রাজ্যের নতুন শাসকদল তামিলগা ভেট্রি কাজাগাম। এর আগে এআইএডিএমকে-র ৪ জন বিধায়ক দল থেকে পদত্যাগ করে সরাসরি মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন টিভিকি-তে যোগ দিয়েছেন, যার ফলে বিধানসভায় বিরোধী শিবিরের শক্তি অনেকটাই কমে গেছে। এমনকি মাত্র দুই সপ্তাহ আগে এআইএডিএমকে ছাড়া আরেক প্রভাবশালী নেতা সি বিজয়ভাস্করও আজই আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী বিজয়ের দলে যোগ দেবেন বলে জোরালো সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
এম আর বিজয়ভাস্কর তামিলনাড়ুর রাজনীতিতে এক পরিচিত নাম। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত নেত্রী জে জয়ললিতার ক্যাবিনেটে তিনি অত্যন্ত সফলভাবে পরিবহণ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে করুর কেন্দ্র থেকে ডিএমকে-র ভি সেন্থিল বালাজির কাছে তিনি পরাজিত হয়েছিলেন। তবে চলতি ২০২৬ সালের নির্বাচনে তিনি ফের একই আসন থেকে পুনর্নির্বাচিত হয়ে বিধানসভায় আসেন। কিন্তু জয়ের মাত্র কয়েক মাসের মাথায় তাঁর এই ইস্তফা রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।