পুবের কলম ওয়েব ডেস্কঃ তামিলনাড়ুতে নতুন সরকার গঠনের পরেও রাজনৈতিক অস্থিরতা থামার নাম নেই। এবার প্রকাশ্যে সামনে এল এআইএডিএমকের অন্তর্দ্বন্দ্ব। দলের এক বিদ্রোহী গোষ্ঠী অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছে। এই ঘটনাকে ঘিরে এআইএডিএমকের অন্দরে বড়সড় ভাঙনের জল্পনা তীব্র হয়েছে।
আরও পড়ুন:
বিদ্রোহী শিবিরের নেতা সি ভে শানমুগম দাবি করেছেন, দলের অধিকাংশ বিধায়ক তাঁদের পক্ষেই রয়েছেন।
তাঁর বক্তব্য, জনগণ যে রায় দিয়েছে, সেটাকে সম্মান জানানোই তাঁদের কর্তব্য। মানুষের স্পষ্ট মত ছিল বিজয় মুখ্যমন্ত্রী হোন, তাই তাঁরা নতুন সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।আরও পড়ুন:
শুধু সমর্থনের ঘোষণাই নয়, দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন শানমুগম। তাঁর দাবি, এআইএডিএমকের প্রধান ইডাপ্পাডি কে পালানিস্বামী নাকি সরকার গঠনের জন্য ডিএমকের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছিলেন। যদিও সেই আলোচনা শেষ পর্যন্ত সফল হয়নি।
বিদ্রোহী গোষ্ঠীর অভিযোগ, ডিএমকের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনায় দলের বহু বিধায়ক ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারপর থেকেই দলের একাংশ বিজয়ের দলকে সমর্থনের সিদ্ধান্ত নেয়।এর আগেই তামিলনাড়ুর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছিল, দল ভাঙনের আশঙ্কায় এআইএডিএমকের প্রায় ৩০ থেকে ৩৫ জন বিধায়ককে একটি রিসর্টে রাখা হয়েছিল। সরকার গঠনের প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁদের বাইরে আনা হয় বলেও খবর ছড়ায়।আরও পড়ুন:
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে।
যদিও একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। পরে কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিডিসিকে এবং আইইউএমএলের সমর্থনে সরকার গঠনের রাস্তা তৈরি হয়। ইতিমধ্যেই বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আগামী বুধবার তাঁর সরকারের আস্থা ভোট হওয়ার কথা। এই আবহে এআইএডিএমকের বিদ্রোহী গোষ্ঠীর সমর্থন নতুন সরকারের অবস্থান আরও শক্তিশালী করতে পারে বলেই মনে করা হচ্ছে।