পুবের কলম ওয়েব ডেস্কঃ তামিলনাড়ুর রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। টানা কয়েক দফা আলোচনা ও অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত বাম দলগুলি অভিনেতা তথা টিভিকে প্রধান বিজয়ের দলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ডিএমকের আরেক গুরুত্বপূর্ণ শরিক ভিসিকে তাঁর পাশে দাঁড়িয়েছে। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত হওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ কার্যত পরিষ্কার হয়ে গেল।

এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বিজয়ের দল।

একক বৃহত্তম দল হিসেবে উঠে এসে তারা ১০৮টি আসনে জয় পেয়েছে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। প্রথমে কংগ্রেসের সমর্থনে তাঁদের সংখ্যা কিছুটা বাড়লেও সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও কয়েকজন বিধায়কের প্রয়োজন ছিল। সেই কারণেই গত দু’দিন ধরে জোরদার রাজনৈতিক তৎপরতা চলছিল।

শেষ পর্যন্ত বামপন্থী দলগুলির ৪ বিধায়ক এবং ভিসিকে ২ বিধায়ক সমর্থনে রাজি হওয়ায় সেই সংকট কেটে গিয়েছে।

বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছাড়তে হবে তাঁকে। ফলে তাঁর দলের কার্যকর সংখ্যা দাঁড়াবে ১০৭। এর সঙ্গে কংগ্রেসের পাঁচ,  বামেদের চার এবং ভিসিকে দুই বিধায়কের সমর্থন যোগ হওয়ায় মোট সংখ্যা পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় সীমায়। রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে, এই সমর্থনের বিনিময়ে কংগ্রেস, বাম দল এবং ভিসিকে'কে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব দেওয়া হবে। বিশেষ তাৎপর্যের বিষয়, দীর্ঘ কয়েক দশক পর কংগ্রেস সরাসরি তামিলনাড়ুর শাসনব্যবস্থার অংশ হতে চলেছে।
অতীতে তারা বাইরে থেকে সমর্থন দিলেও প্রশাসনিক দায়িত্বে অংশ নেয়নি।

এখন শুধু রাজ্যপালের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। এর আগে দু'বার বিজয়ের সরকার গঠনের দাবি নাকচ হয়েছিল। তবে এবার সংখ্যাগরিষ্ঠতার স্পষ্ট প্রমাণ থাকায় সেই জটিলতার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। এই নতুন রাজনৈতিক সমীকরণের ফলে ডিএমকে এবং এআইএডিএমকের সম্ভাব্য সমঝোতার জল্পনাও কার্যত শেষ হয়ে গেল। সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।