কলকাতার ইসকনের সহ-সভাপতি পদ-সহ সংগঠনের সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাধারমণ দাস-কে। শনিবার রাতে ইসকন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে নিজের পদচ্যুতির সম্ভাব্য কারণগুলিও তুলে ধরেছেন রাধারমণ দাস।
তাঁর দাবি, ২০২৩ সালে মানেকা গান্ধী ইসকনের বিরুদ্ধে গোরক্ষা ও গোশালা পরিচালনা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন এবং সংগঠনটিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। সেই সময় বিশ্বজুড়ে ভক্তদের ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ তুলে মানেকা গান্ধীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির নোটিস পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন রাধারমণ দাস।

তাঁর মতে, এই পদক্ষেপই তাঁর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের অন্যতম কারণ হতে পারে।
এছাড়াও, বাংলাদেশে হিন্দু নির্যাতন ও হত্যার ঘটনায় তিনি প্রকাশ্যে সরব হয়েছিলেন। তাঁর দাবি, এই ইস্যুতে বারবার অবস্থান নেওয়াও তাঁর অপসারণের পেছনে ভূমিকা রাখতে পারে।
রাধারমণ দাস আরও দাবি করেছেন, গত ২৯ মে একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া তাঁর সাক্ষাৎকারকেও ইসকনবিরোধী আচরণ হিসেবে বিবেচনা করা হয়েছে।
তবে সংগঠনের সিদ্ধান্তকে তিনি সম্মান জানিয়ে বলেছেন, ভবিষ্যতে তিনি আর ইসকনের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করবেন না। একই সঙ্গে ইসকনের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেছেন তিনি।