মারুফা খাতুন: সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের যাতায়াতের সহজ মাধ্যম হল লোকাল ট্রেন। প্রতিদিনের নিত্যযাত্রী থেকে শুরু করে অফিসযাত্রীদের ভরসাই হল লোকাল ট্রেন। ফলে প্রায়শই ভিড় বাড়ছে। আর এই ভিড়ের সঙ্গে রীতিমত যুদ্ধ করে গন্তব্যে পৌছতে হয় যাত্রীদের।

আর তাই রেল কর্তৃপক্ষ শিয়ালদহ শাখায় বেশ কয়েকটি নতুন ট্রেন বাড়িয়েছে।

এমনকি ডায়মন্ড হারবার ও বারাসাত শাখায় অতিরিক্ত আরও পাঁচটি ট্রেন বাড়ানো হবে বলে জানা যাচ্ছে। রেল সূত্রে খবর যাত্রীদের অসুবিধার কথা ভেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ভোর ৫ টার সময় সোনারপুর থেকে ছাড়বে একটি ডায়মন্ড হারবার লোকাল।

যা গন্তব্যে পৌঁছবে ঠিক ৬ টা বেজে ৫ মিনিটে। ডায়মন্ড হারবার থেকে একটি বালিগঞ্জ লোকালও চলবে জানা যাচ্ছে। এটি আবার ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৬.৩০ টায়। আর বালিগঞ্জ পৌঁছবে ৭টা বেজে ৫৬ মিনিটে।
এছাড়াও বারাসাত থেকে ছাড়বে একটি বসিরহাট লোকাল, সকাল ৬ টা বেজে ২৫ মিনিটে। আর পৌঁছবে সাড়ে সাতটায়।

আবার বসিরহাট থেকে ৭ বেজে ৩৫ মিনিটে ছাড়বে আরেকটি ট্রেন। যেটি যাবে বারাসত পর্যন্ত। সোনারপুর-ডায়মণ্ডহারবার লোকাল ট্রেনের পূর্ববর্তী সময়সূচী বদল করে ১০ মিনিট আগে করা হয়েছে। আগে এই ট্রেনটি ছাড়ত ৪ টে বেজে ৫০ মিনিটে। এখন তা ছাড়ছে ৪টা ৪০ মিনিটে এবং ডায়মন্ড হারবার পৌঁছচ্ছে সকাল ৫টা ৪৫ মিনিটে (আগে এটি পৌঁছত ৫.৫৫ মিনিটে)।