পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে ওঠা এক সই জালিয়াতির মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে কোনো কঠোর বা বলপ্রয়োগমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ এই মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী তিন সপ্তাহের জন্য এই আইনি সুরক্ষা দিয়েছেন। তবে একই সাথে আদালত নির্দেশ দিয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার ভবানী ভবনে সিআইডি সদর দফতরে সশরীরে হাজিরা দিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।
আরও পড়ুন:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আদালতে উপস্থিত আইনজীবী বেঞ্চকে জানান, তাঁর মক্কেল এই মুহূর্তে দেশের রাজধানী দিল্লিতে রয়েছেন। তিনি আজ বিকেল ৪টে নাগাদ দিল্লি থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবেন। আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই সিআইডি-র গোয়েন্দাদের মুখোমুখি হবেন বলে আইনজীবীর তরফে আশ্বস্ত করা হয়েছে। হাইকোর্ট জানিয়েছে, আগামী দুই সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
এই রাজনৈতিক ও আইনি বিতর্কের সূত্রপাত মূলত তৃণমূল কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের দলীয় বৈঠককে কেন্দ্র করে। বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা মনোনয়নের বিষয়ে আলোচনা করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাসভবনে একটি জরুরি বৈঠক ডেকেছিলেন। অভিযোগ ওঠে, ওই গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক অনুপস্থিত ছিলেন। তা সত্ত্বেও সংশ্লিষ্ট নথিপত্র ও রেজোলিউশনে অনুপস্থিত সেই সমস্ত বিধায়কদের সই বা স্বাক্ষর জুড়ে দেওয়া হয়েছিল। এই ভুয়ো সই বা স্বাক্ষর জালিয়াতির বিষয়টি সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীতে মামলা রুজু হয়, যার তদন্তভার রয়েছে সিআইডি-র হাতে।