পুবের কলম ওয়েবডেস্ক:  অবিশ্বাস্য এক কীর্তি গড়ে আবারও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন নেপালের ৩১ বছর বয়সী অ্যাথলেট হরি চন্দ্র গিরি। চিনের ছোংছিং শহরে তিনি হাতের ওপর ভর করে উল্টো অবস্থায় মাত্র ৪৪.৭১ সেকেন্ডে ১০০টি সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।

ইউনইয়াং এলাকার একটি দীর্ঘ সিঁড়িতে এই চ্যালেঞ্জ সম্পন্ন করেন হরি। পুরো সময় তিনি মাথা নিচে ও পা ওপরে রেখে ভারসাম্য বজায় রাখেন। এত দ্রুতগতিতে হাতে হেঁটে ১০০ ধাপ সিঁড়ি নামার নজির আগে ছিল না।

 রেকর্ড গড়ার পর হরি জানান, চিনের বিখ্যাত সিঁড়িগুলোর কারণে তিনি এই দেশকেই বেছে নিয়েছিলেন। তাঁর লক্ষ্য ছিল প্রমাণ করা যে যথাযথ অনুশীলন ও নিয়ন্ত্রণ থাকলে হাতের ওপর ভর করে চলাফেরাও নিরাপদ ও দ্রুত হতে পারে।

এর আগেও একাধিক অদ্ভুত দক্ষতায় বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ৫০ ধাপ সিঁড়ি হাতে ভর দিয়ে দ্রুত নামা, পায়ের মাঝে ফুটবল চেপে হাতে হাঁটা এবং ৭৫ ধাপ সিঁড়ি নেমে আসার মতো বেশ কয়েকটি রেকর্ড তাঁর ঝুলিতে রয়েছে। নতুন এই সাফল্যের মাধ্যমে সেই তালিকায় যোগ হলো আরও একটি অনন্য অর্জন।