পুবের কলম,ওয়েবডেস্ক: আকাশছোঁয়া  সবজির দাম। আদা থেকে কাঁচা লঙ্কা সব দামেই ছ্যাঁকা, কোথাও হাত দেওয়া যাচ্ছে না। একই অবস্থা টমেটোর ক্ষেত্রেও। এসব পণ্য রোজকারের রান্নাতে ব্যবহার হওয়ায় সমস্যার মুখে পড়তে হচ্ছে আমজনতাকে। টমেটো দাম ১০০ টাকার  গণ্ডি পার করেছে,  বেগুনের দামও তথৈবচ।
আদা তো ধরাছোঁয়ার বাইরে। কেজি প্রতি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে আদা। ক্ষেত্র বিশেষে সেটা পরিবর্তিত।

কিন্তু কেন হঠাৎ করে সবজির দামে আগুন? কৃষকরা জানাচ্ছেন, সাম্প্রতিক মূল্যবৃদ্ধির জন্য উৎপাদন ঘাটতি হচ্ছে।
অনেকটাই কমেছে ফলন। পাশাপাশি প্রচণ্ড গরম এবং বর্ষার বিলম্বও রয়েছেই।

সংবাদ মাধ্যম সূত্রে খবর,  দিল্লিতে গত কয়েক দিনে টমেটোর দাম দ্বিগুণ হয়েছে,  কারণ উত্তরপ্রদেশ এবং হরিয়ানার মতো প্রতিবেশী রাজ্যগুলি থেকে সরবরাহ কমে গেছে। একই হাল কাঁচা লঙ্কারও।

কলকাতাতেও শীতকাল বাদ দিয়ে বাকি মরসুমে টমেটো আসে বেঙ্গালুরু থেকে।
অথচ সেই বেঙ্গালুরুতেই টমেটোতে হাত দেওয়া যাচ্ছে না। অন্যদিকে অর্থনীতি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টমেটোর দামের আকস্মিক বৃদ্ধি আগামীদিনে মূল্যবৃদ্ধির কারণ হতে পারে।

একাধিক চাষি জানিয়েছেন, হঠাৎ করে প্রবল বর্ষণ শুরু হয়ে যাওয়ার কারণে সবজি জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। ফসল তোলার সুযোগ পাচ্ছেন না কৃষকেরা। ফলনে ঘাটতি দেখা দিয়েছে। দক্ষিণের অধিকাংশ রাজ্যেই টমেটোর দাম মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। বেঙ্গালুরু,  রায়পুরে সর্বত্রই বাজার দর, বিশেষ করে টমেটো কিনতে গিয়ে নাভিশ্বাস উঠেছে মানুষের। যেখানে ৩০ থেকে ৪০ টাকা কেজি প্রতি দরে বিক্রি হতো টমেটো, সেখানে বর্ষা আসতেই টমেটোর দামের এই আকস্মিক ভোলবদলে রান্নায় বাজারের তালিকা থেকে এবার পাততাড়ি গুটোতে শুরু করেছে টমেটো।