শিয়ালদহ দক্ষিণ শাখার পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন চত্বরে সোমবার গভীর রাতে ব্যাপক উচ্ছেদ অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, গুমটি ও হকারদের সরাতে নামানো হয় বুলডোজার। প্রায় আড়াই ঘণ্টার এই অভিযানে স্টেশন চত্বরকে সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে বলে দাবি প্রশাসনের।

রেল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই অবৈধ দখলদারদের জায়গা খালি করার জন্য নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও অধিকাংশ ব্যবসায়ী দোকান সরিয়ে না নেওয়ায় কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার রাত সাড়ে দশটা নাগাদ রেল পুলিশ, রেল সুরক্ষা বাহিনী এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানরা গোটা স্টেশন চত্বর ঘিরে ফেলেন। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রথমে মাইকিং করে ব্যবসায়ীদের স্বেচ্ছায় দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য শেষ সুযোগ দেওয়া হয়। কিন্তু তাতেও সাড়া না মেলায় শুরু হয় বুলডোজার অভিযান।
একটির পর একটি অবৈধ দোকান ও গুমটি ভেঙে ফেলা হয়।

বহু বছর ধরে পার্ক সার্কাস স্টেশন চত্বরে গড়ে ওঠা এই অবৈধ দখল নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল দীর্ঘদিনের। স্টেশনে যাতায়াত, প্রবেশ ও বেরোনোর পথে প্রায়শই সমস্যার মুখে পড়তে হতো সাধারণ মানুষকে।
রেল কর্তৃপক্ষের দাবি, স্টেশন এলাকা দখলমুক্ত হওয়ায় এবার যাত্রীদের চলাচল অনেকটাই সহজ হবে। এর আগে হাওড়া, শিয়ালদহ ও দমদম-সহ একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশনেও একই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো পার্ক সার্কাস স্টেশন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে যাতে নতুন করে রেলের জমি দখল না হয়, তার জন্য এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে।