পুবের কলম ওয়েবডেস্ক, শনিবার রাতে পাকিস্তানের করাচিতে সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরের সামনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিন সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, সদর দপ্তরের প্রধান ফটকের কাছে এই হামলার পরপরই গুলির শব্দ শোনা যায়, যা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দেয়। ঘটনার জেরে দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন।

প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী হামলা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

তবে হামলার প্রকৃত ধরন এবং হতাহতের সংখ্যা নিয়ে এখনও সরকারি স্তরে চূড়ান্ত তথ্য প্রকাশ করা হয়নি। বিভিন্ন সূত্রের দাবি, হামলায় মোট চারজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে তিনজন সিন্ধ রেঞ্জার্সের সদস্য।

হামলার দায় স্বীকার করেছে জামাত-উল-আহরার নামে একটি জঙ্গি সংগঠন। সংগঠনটির দাবি, তাদের একাধিক সদস্য এই অভিযানে অংশ নিয়েছিল।

যদিও পাকিস্তানি কর্তৃপক্ষ এখনও সেই দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

যে এলাকায় বিস্ফোরণ হয়েছে, সেটি করাচির অন্যতম ব্যস্ত অঞ্চল। ওই রাস্তা দিয়ে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে যাতায়াত করা হয়। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে।

সিন্ধের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কীভাবে নিরাপত্তা বলয় ভেদ করা হল, তা খতিয়ে দেখছে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলি।