পুবের কলম ওয়েব ডেস্কঃ  গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেই হারতে হয়েছিল সেনেগাল ও ইরাককে। অন্যদিকে, ফ্রান্স ও নরওয়ে গ্রুপের প্রথম দুটি ম্যাচ জিতে নকআউটের ছাড়পত্র আগেই পেয়ে গিয়েছিল। সেই অর্থে শনিবার সেনেগাল ও ইরাকের মধ্যে ম্যাচটি ছিল একপ্রকার সম্মান বাঁচানোর। অন্তত বিশ্বকাপ থেকে ঝুলিতে পয়েন্ট নিয়ে ফেরার ম্যাচ। যদিও নকআউটের ক্ষীণ আশা ছিল দুই দলের সামনে। সেখানে গ্রুপের শেষ ম্যাচে ইরাককে ৫-০ ব্যবধানে উড়িয়ে বিশ্বকাপে নকআউটে যাওয়ার রাস্তা টিকিয়ে রাখল সেনেগাল। আফ্রিকান দলটির হয়ে পরিবর্ত হিসেবে মাঠে নেমে জোড়া গোল করেন পাপে গেয়ে। এই বিশাল জয়ের ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে এক ম্যাচে ৫ গোল করার অনন্য এক কীর্তি গড়ল সেনেগাল।

একই সঙ্গে ৩ পয়েন্ট ও বড় গোল ব্যবধান নিয়ে রাউন্ড অফ ৩২-এর একদম কাছাকাছি পৌঁছে গেলেন সাদিও মানেরা।

শক্তির বিচারে ইরাকের তুলনায় অনেকটাই এগিয়ে সেনেগাল। আক্রমণভাগে সাদিও মানের মতো তারকা স্ট্রাইকার। ইরাকের কাজটা আরও কঠিন হয়ে গিয়েছিল ম্যাচের ১৩ মিনিটে রেবিন সুলাকার লালকার্ড দেখায়। যদিও তার আগেই পিছিয়ে পড়েছিল ইরাক। আক্রমণে ঝড় তুলে ম্যাচের ৪ মিনিটেই হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল। এরপরই ধাক্কা। সাদিও মানেকে ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন রেবিন সুলাকার।

১০ জনে হয়ে যায় ইরাক। ১০ জন নিয়েও প্রথমার্ধে দারুণ লড়াই করে যুদ্ধবিধ্বস্ত ইরাক। তাতে গোলসংখ্যা আর বাড়তে দেয়নি তারা।

দ্বিতীয়ার্ধে সাদিও মানে, ইসমাইল সারদের একের পর এক আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইরাকের রক্ষণ। ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান বাড়ায় সেনেগাল। নিজেদের অর্ধে জিদান ইকবালের ভুলে বল পেয়ে যান লামিন কামারা। তিনি পাশে থাকা ইসমাইল সারকে বল বাড়িয়ে দেন। গোল করতে ভুল করেননি ইসমাইল সার।

৫৯ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় সেনেগাল। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধানে ৩-০ করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা পাপে গেয়ে।

বড় ব্যবধানে জিতলে গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে খেলার সুযোগ থাকবে। এটা যেন মাথায় চেপে বসেছিল সাদিও মানেদের। তাই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিল তারা। তার সুফলও মেলে। ম্যাচের ৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন পাপে গেয়ে। ম্যাচের ৮২ মিনিটে গোল করে সেনেগালকে ৫-০ ব্যবধানের জয় এনে দেন ইলিমান এনদিয়ায়ে। ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে আফ্রিকার দলটি। ৩ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপে তৃতীয় সেনেগাল। তৃতীয় সেরা আট দলের মধ্যে জায়গা করে নিয়ে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা আপাতত টিকে রয়েছে আফ্রিকার দলটির।