পুবের কলম ওয়েব ডেস্কঃ রবিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সৌদি আরবে। ভেঙে পড়ল সরকারি তেল সংস্থা আরামকোরের একটি হেলিকপ্টার। ঘটনায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিন দুর্ঘটনাটি ঘটেছে দেশটির পূর্বাঞ্চলে রাস তানুরায়।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, হেলিকপ্টারটি রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকোর ছিল।
দেশটির জ্বালানি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, হেলিকপ্টারে ১৪ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই সৌদি আরবের বিভিন্ন প্রান্তের নাগরিক। সকলেই নিহত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। যদিও কী কারণে দুর্ঘটনা তা জানা যায়নি। সংস্থার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলেই এর প্রকৃত কারণ জানা যাবে। উল্লেখে, আরামকো জানিয়েছে, সৌদি আরবের ৩০০টিরও বেশি হেলিপোর্টে পরিষেবা প্রদান করে তাদের হেলিকপ্টার। এছাড়াও ৬০ টির বেশি বিমান রয়েছে। ইরানের হামলা এবং তেল ও গ্যাস রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো যখন তাদের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটল।আরও পড়ুন:
প্রসঙ্গত, রাস তানুরায় মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম একটি তেল শোধনাগার অবস্থিত, যার দৈনিক উৎপাদন ক্ষমতা ৫৫০,০০০ ব্যারেল।
এটি সৌদি আরবের জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমেরিকা-ইরান যুদ্ধ চলার সময় এই শোধনাগারকে বেশ কয়েকবার লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। তার জেরে আংশিকভাবে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সময়। সম্প্রতি ফের চালু হওয়ায় ফের উতপাদন শুরু হয়েছে। আর তারপরেই এই দুর্ঘটনা ঘটল।