পুবের কলম, ওয়েবডেস্ক: কাতারের রাস লাফান শিল্পনগরীতে এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) এই দুঃখজনক খবর নিশ্চিত করে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক্স-এ একটি পোস্টে বিদেশমন্ত্রী লেখেন, "কাতারের রাস লাফান শিল্পনগরীতে বিস্ফোরণের ঘটনায় ভারতীয় নাগরিকসহ বেশ কয়েকজনের মৃত্যু ও আহতের খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত।" তিনি আরও জানান, দোহার ভারতীয় দূতাবাস কাতারের প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরণের সাহায্য ও সহযোগিতা দেওয়া হচ্ছে। হতাহত ও তাঁদের পরিবারের পাশে ভারত সরকার রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
আরও পড়ুন:
দোহার ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে যে, গত রবিবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। সেখানে মোট ১২ জন ভারতীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন। কাতারের কর্তৃপক্ষের বরাত দিয়ে দূতাবাস জানিয়েছে, আহত ব্যক্তিদের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দূতাবাস এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, মৃতদের মরদেহ যাতে যত দ্রুত সম্ভব ভারতে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে আনা যায়, তার জন্য কাতারের প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আইনি ও মানসিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
অন্যদিকে, কাতারের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা 'কাতারএনার্জি' এই দুর্ঘটনার খতিয়ান দিয়ে জানিয়েছে, বিস্ফোরণ ও তার পরবর্তী আগুনে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৬৬ জন আহত হয়েছেন। তবে আশার কথা এই যে, আহতদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। অন্যদিকে আহত ৬৬ জন শ্রমিক বিভিন্ন দেশের বাসিন্দা। যার মধ্যে কাতার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কেনিয়া, ঘানা, তানজানিয়া, নাইজেরিয়া এবং নেপালের নাগরিক রয়েছেন।