পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২২ সালে জয়নগর মজিলপুর পৌরসভার নির্বাচনে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভোটারদের ভয় দেখানো এবং ভোট লুটের ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বকখালির একটি হোটেল থেকে তাদের পাকড়াও করা হয়। ধৃত তিনজনের মধ্যে দুইজন জয়নগর বিধানসভার বকুলতলা থানার সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে পরিচিত।
আরও পড়ুন:
রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে একের পর এক তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ দুষ্কৃতী ও পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি ২০২২ সালের সেই জয়নগর ভোট সংক্রান্ত অভিশপ্ত ঘটনার তদন্ত প্রক্রিয়াকে সামনে নিয়ে এসেছে।
সেই ঘটনার সূত্র ধরেই জয়নগর থানার আইসি জয়ন্ত মালাকারের নির্দেশে এএসআই বিশ্বজিৎ সরকার ও তার টিম বিশেষ অভিযান চালায় এবং বকখালির হোটেল থেকে অভিযুক্তদের গ্রেফতার করে।আরও পড়ুন:
গ্রেফতার হওয়া তিনজনের পরিচয় হলো—গিয়াস খান, যার বাড়ি বকুলতলা থানার হানারবাটি এলাকায়; জয়নাল শিকারী, বাড়ি বকুলতলা থানার চুকনগর এলাকায়; এবং আসমত গাজি, যার বাড়িও বকুলতলা থানার হানারবাটি এলাকায়। ধৃতদের মধ্যে গিয়াস খান ও জয়নাল শিকারী সাহাজাদাপুর পঞ্চায়েতের সক্রিয় তৃণমূল কংগ্রেসের সদস্য। রবিবার তাদের বকখালি থেকে গ্রেফতারের পর জয়নগর থানায় নিয়ে আসা হয়। সোমবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। জয়নগর ভোট লুটের এই ঘটনায় ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ আরও এগিয়ে নিতে পুলিশ ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে।