ইরানের সঙ্গে চলমান আলোচনা সফল না হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে টোল আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার স্থানীয় সময় সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হলে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টোল বসানো হবে এবং সেই অর্থ সরাসরি মার্কিন তহবিলে জমা হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিপুল অর্থ ব্যয় করছে উল্লেখ করে তিনি বলেন, সেই ব্যয়ের একটি অংশ পুনরুদ্ধারের লক্ষ্যেই এ ধরনের পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রকে ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, ওয়াশিংটনের নিরাপত্তা সহায়তার কারণে অঞ্চলটির স্থিতিশীলতা বজায় রয়েছে।

বিশ্বের জ্বালানি তেল পরিবহনের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। ফলে এই কৌশলগত জলপথে সম্ভাব্য টোল আরোপের হুমকি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে তেলের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।