বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয় গোলকিপিং প্রদর্শনী উপহার দিলেন ইরানের অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। ম্যাচের শুরুতেই রোমেলু লুকাকুর বুটের আঘাতে বুকে গুরুতর চোট পেলেও হার মানেননি তিনি। বরং সেই ধাক্কা সামলে পোস্টের নিচে যেন অদম্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে থেকে তারকাখচিত বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ইরানের জন্য মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করেন।
আরও পড়ুন:
রবিবার ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র করে দুই দল। তবে ম্যাচের মূল নায়ক ছিলেন ৩৩ বছর বয়সী বেইরানভান্দ। পুরো ম্যাচে ৭০ শতাংশ বলের দখল ধরে রেখে বেলজিয়াম গোলমুখে ২৩টি শট নেয়।
এর মধ্যে ৭টি শট ছিল সরাসরি লক্ষ্যে, আর সবকটিই দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন ইরানের এই গোলরক্ষক।ম্যাচের শুরুতেই কেভিন ডি ব্রুইনের একটি বিপজ্জনক ক্রস ধরতে গিয়ে লুকাকুর বুটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বেইরানভান্দ। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর আবার মাঠে ফিরে আসেন তিনি। এরপরই শুরু হয় তাঁর অবিশ্বাস্য এক লড়াই।
আরও পড়ুন:
১১ মিনিটে মাক্সিম ডি কাইপারের জোরালো শট ফিরিয়ে দেওয়া, প্রথমার্ধের শেষ দিকে তাঁর ভলি রুখে দেওয়া এবং ৬০ মিনিটে মাটিতে পড়ে থেকেও এক হাতে নিশ্চিত গোল বাঁচানো ছিল ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি। নির্ধারিত সময়ের চার মিনিট আগে আবারও ডি কাইপারের শট প্রতিহত করে ইরানের ‘ক্লিন শিট’ নিশ্চিত করেন তিনি।
গোলরক্ষকের দায়িত্বের পাশাপাশি ১১টি নিখুঁত লং বল এবং তিনটি গুরুত্বপূর্ণ হাই ক্লেইম করে রক্ষণভাগকেও দারুণভাবে সংগঠিত রাখেন এই তারকা।অবশ্য বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াও কম যাননি। ম্যাচের ১৪ ও ৫৩ মিনিটে মেহদি তারেমির দুটি নিশ্চিত গোলের সুযোগ অসাধারণ দক্ষতায় রুখে দেন রিয়াল মাদ্রিদের এই তারকা গোলরক্ষক।
আরও পড়ুন:
২৫ মিনিটে এহসান হাজিসাফির ফ্রি-কিক থেকে তারেমি বল জালে জড়ালেও ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। এরপর ৬৬ মিনিটে বড় ধাক্কা খায় বেলজিয়াম। ব্যাকপাস দিতে গিয়ে ভুল করেন নাতাঁ উঙ্গয়।
বল দখল করে এগিয়ে যাওয়া তারেমিকে পেছন থেকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখানো হয় তাঁকে। শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়েও বেলজিয়াম গোল আদায় করতে পারেনি।চলতি বিশ্বকাপে মিসরের সঙ্গে ১-১ ড্রয়ের পর এটি বেলজিয়ামের টানা দ্বিতীয় ড্র। সব মিলিয়ে বিশ্বকাপে নিজেদের শেষ চার ম্যাচে জয়ের দেখা পায়নি ইউরোপের দলটি। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ড্রয়ের পর শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ইরান।
আরও পড়ুন:
আগামী শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হবে ইরান এবং বেলজিয়াম খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের ইতিহাসে কখনও নকআউট পর্বে জায়গা করে নিতে না পারা ইরানের সামনে এবার নতুন ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একাই আলিরেজা বেইরানভান্দ।