আজ রবিবার অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পুনঃপরীক্ষা। তার আগে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে আরও দুই পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বিজয়নগর থানার প্রতাপবিহার এলাকায় বাড়ি থেকে ২২ বছর বয়সি যতীন কুমারের দেহ উদ্ধার করা হয়েছে। তিনি এর আগেও একাধিকবার নিট পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং এ বছর পুনরায় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। মৃত্যুর আগে মোবাইলে রেকর্ড করা একটি ভিডিওতে তিনি পরীক্ষায় সফল না হওয়ার হতাশার কথা উল্লেখ করেছিলেন।

পরিবারের দাবি, মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও রবিবারের পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন তিনি।

অন্যদিকে, মধ্যপ্রদেশের ইন্দোরে ২১ বছর বয়সি অবন্তিকা মৌর্য নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। খবরে প্রকাশ, চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে গত তিন বছর ধরে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সম্প্রতি পরীক্ষা বাতিল হওয়ার পর তাঁর হতাশা আরও বেড়ে যায়। শুক্রবার রাতে বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ধর জেলার বাসিন্দা অবন্তিকা ইন্দোরে ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করতেন।
এর আগেও তামিলনাড়ুর কোয়েম্বাত্তুর এবং উত্তরাখণ্ডের দেরাদুনে পুনঃনিট পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া দুই পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। 

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষা বাতিল করা হয়। এর প্রায় সাত সপ্তাহ পর রবিবার দেশের ৫৫১টি শহরের ৫,৪৪০টি কেন্দ্রে পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেবেন। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় পরীক্ষণ সংস্থা (এনটিএ) এবং প্রশাসন।
এদিকে, পরীক্ষা বাতিল ও সাম্প্রতিক ঘটনাগুলির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শনিবারও দিল্লিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।