পুবের কলম ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম চন্দন কয়াল ও রবি কয়াল। মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেফতার করা হয়। সোমবার সন্ধ্যায় কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন কুণাল ঘোষ-সহ একাধিক শীর্ষ নেতা। বৈঠক শেষে বাড়ির বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
সেই সময় আচমকাই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ডিম গিয়ে লাগে তাঁর মাথায়।আরও পড়ুন:
এদিনের এই ঘটনার পর তৃণমূল বিধায়ক তীব্র ক্ষোভ প্রকাশ করে একে অসভ্য ও নিন্দনীয় আচরণ বলে মন্তব্য করেন কুণাল ঘোষ। পাশাপাশি, কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন তিনি। এরপরেই কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান কুণাল।
পরের দিন সকালে সমাজমাধ্যমে একটি দীর্ঘ বার্তায় তিনি জানান, সংবাদমাধ্যমের অনুরোধে তিনি একাই দাঁড়িয়ে ছিলেন এবং সেই সুযোগে পিছন থেকে এই কাজ করা হয়েছে। তাঁর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। তবে এই ঘটনার পরও তিনি ভীত নন এবং নিজের অবস্থান থেকে সরে আসবেন না বলেও স্পষ্ট করেন। কুণাল আরও দাবি করেন, তিনি সব সময় রাজনৈতিক সহিংসতার বিরোধিতা করেছেন। অতীতেও বিরোধী দলের কর্মী-সমর্থকদের সঙ্গে অন্যায় আচরণের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। তাঁর বক্তব্য, রাজনৈতিক লড়াই রাজনৈতিক পথেই হওয়া উচিত, ব্যক্তিগত আক্রমণ বা হেনস্থার মাধ্যমে নয়।আরও পড়ুন:
সমাজমাধ্যমে করা আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, ডিম নিক্ষেপকারীদের মধ্যে একজন অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তদন্তকারী সংস্থার অভিযানের সময় পুলিশের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। সেই সূত্র ধরে তিনি প্রশ্ন তোলেন, এই ঘটনার পেছনে কোনও পরিকল্পনা ছিল কি না। তৃণমূল বিধায়ক আরও লেখেন, "ওই বাড়িকে ঘিরে হামলার রেকি করানো হয়েছিল? জেড ক্যাটেগরির নিরাপত্তা পাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে এসব কী?" কুণাল কটাক্ষ করে লেখেন, "আমি ডিম ভালোবাসি।"