পুবের কলম ওয়েবডেস্ক : সামাজিক মাধ্যমে ভুয়ো তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর দাবি, একটি ফেসবুক পেজ থেকে ধারাবাহিকভাবে তাঁর সম্পর্কে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর পোস্ট করা হচ্ছে, যার ফলে তাঁর সম্মান এবং পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ গাঙ্গুলি। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ‘সৌরভ গাঙ্গুলি ফ্যানস’ নামে একটি ফেসবুক পেজে নিয়মিত এমন কিছু পোস্ট করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে তাঁর সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে। তাঁর অভিযোগ, এসব পোস্টের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।
সূত্রের খবর, সম্প্রতি ওই পেজে একটি পোস্টে দাবি করা হয়েছিল যে সৌরভ গাঙ্গুলির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিযান চালিয়েছে। অভিযোগ দায়েরের পর সেই পোস্টটি আর দেখা যাচ্ছে না। তবে পোস্টটি ইতিমধ্যেই বহু মানুষের নজরে পৌঁছেছিল বলে মনে করা হচ্ছে।
অভিযোগপত্রে সৌরভ জানিয়েছেন, দীর্ঘ ক্রিকেটজীবন এবং পরবর্তী সময়ে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের সুবাদে দেশ-বিদেশে তাঁর অসংখ্য অনুরাগী রয়েছে। ফলে তাঁর নাম ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হলে তা শুধু ব্যক্তিগত সম্মানহানির কারণ নয়, পেশাগত ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলতে পারে। সেই কারণেই তিনি দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।