পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১০টা ৫৬ মিনিটে তিনি ইডির দপ্তরে প্রবেশ করেন। প্রায় ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এদিন তাকে তলব করে ইডি।
এদিন ইডি অফিস থেকে বেরিয়ে অভিষেক বলেন, যা প্রশ্ন করেছে তার উত্তর দিয়েছি।আরও পড়ুন:
জানা যাচ্ছে, প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক প্রশ্ন করা হয়েছে। তবে ইডি সূত্রের খবর, অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। এই মামলায় তার কোনো রক্ষাকবচ নেই।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের নাম উঠে আসে। আর এর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি। অভিযোগ রয়েছে, এই সংস্থায় শিক্ষা দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এছাড়াও অনেক কালো টাকা সাদা করার অভিযোগ রয়েছে।আরও পড়ুন:
এর আগেও এই মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূল সাংসদকে। আজ ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে সই জাল কাণ্ডে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে। সেক্ষেত্রে প্রায় ১৪ ঘণ্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। আগামীকাল ফের তাকে তলব করেছে সিআইডি। ওইদিন উস্কানিমূলক মামলায় ভবানীভবনে সিআইডির দপ্তরে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।