পুবের কলম ওয়েব ডেস্কঃ সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে তিন দিনের বিশেষ জনকল্যাণ শিবির। পূর্বতন রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির আদলেই এই শিবির থেকে একাধিক সরকারি প্রকল্প ও পরিষেবার সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হলো ডাবল বেনিফিট বা দ্বিগুণ সুবিধা পাওয়ার সুযোগ।
আরও পড়ুন:
এতদিন পর্যন্ত এই ধরনের শিবিরে কেবল রাজ্য সরকারের ২৫টি প্রকল্পের সুবিধা পাওয়া যেত। যার মধ্যে উল্লেখযোগ্য হলো লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার, তফসিলি বন্ধু এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো জনমুখী প্রকল্পগুলি।
এবার এই জনকল্যাণ শিবির থেকে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাও পাওয়া যাচ্ছে।আরও পড়ুন:
কেন্দ্রীয় প্রকল্পের তালিকায় রয়েছে আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা, পিএম জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, মুদ্রা লোন যোজনা, পিএম সূর্যঘর, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা। সব মিলিয়ে বর্তমানে ৫৫টিরও বেশি সরকারি প্রকল্পে আবেদন ও নাম নথিভুক্ত করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন:
বর্ষার পরিস্থিতির কথা মাথায় রেখে খোলা মাঠের পরিবর্তে অধিকাংশ ক্যাম্প স্কুল, কলেজ কিংবা কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে। নতুন করে চালু হওয়া আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা এই জনকল্যাণ শিবির থেকে মিলছে।
পাশাপাশি বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, জব কার্ড এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের মতো পরিচিত প্রকল্পগুলির আবেদনও গ্রহণ করা হচ্ছে।আরও পড়ুন:
এদিন জয়নগর এক নম্বর ব্লকের অধীন দুটি শিবিরে বিশেষ তৎপরতা দেখা যায়। জয়নগর বিধানসভার জন্য বহড়ু বিডিও অফিস এবং বারুইপুর পূর্ব বিধানসভার জন্য শান্তিপুর হাইস্কুলের মাঠে এই শিবির পরিচালিত হয়। এদিন শিবির দুটির সার্বিক তদারকি করেন বারুইপুর মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট পারমিতা চক্রবর্তী, জয়নগর এক নম্বর ব্লকের বিডিও শুভজিৎ দাস এবং জয়েন্ট বিডিও অপূর্ব কর্মকার।
আরও পড়ুন:
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যেসব পঞ্চায়েত সমিতি চার থেকে সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত, সেখানে একটি করে ক্যাম্প হচ্ছে।
আর সাতটির বেশি গ্রাম পঞ্চায়েত থাকলে দুটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত এই শিবির চলবে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সরাসরি সেখানে গিয়ে বিভিন্ন প্রকল্পের ফর্ম সংগ্রহ, পূরণ ও জমা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের সুবিধা পাচ্ছেন। কিছু ক্ষেত্রে অন-স্পট পরিষেবাও প্রদান করা হচ্ছে, যা পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত খুশি। এর আগে রাজ্যজুড়ে একাধিক দফায় দুয়ারে সরকার কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই নতুন এই উদ্যোগে বিশেষ জোর দিয়েছে রাজ্য প্রশাসন।