পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ মঙ্গলবার উত্তরবঙ্গের সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে একগুচ্ছ বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি ঘোষণা করেন যে, আগামী ৬ মাসের মধ্যে পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়াও জিরামজি প্রকল্পের অধীনে ১২৫ দিনের কাজ, রেশন এবং বিদ্যুতের ভর্তুকি নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

কার্শিয়াংয়ের জনসভা থেকে মুখ্যমন্ত্রী পূর্বের সরকারকে তীব্র নিশানা করে বলেন, আগের সরকারের আমলে জিটিএ-তে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। তবে বর্তমান সরকারের আমলে আর কোনো দুর্নীতি হবে না।

সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি পুনরায় ঘোষণা করেন, আগামী ৬ মাসের মধ্যে পুলিশে নিয়োগ হবে এবং পাহাড়ের ছেলেমেয়েরা ইইআর ও পুলিশ বিভাগে চাকরির সুযোগ পাবে।

পাহাড়ের বাসিন্দাদের জন্য রেশন ও বিদ্যুৎ সংক্রান্ত বিষয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পাহাড়ের জনজাতিরা রেশনে বিশেষ ভর্তুকি পাবেন এবং বিদ্যুৎ খরচেও পাহাড়বাসী ছাড় পাবেন। তিনি স্পষ্ট করে বলেন, আমি পাহাড়ের মানুষের সেবায় কাজ করতে এসেছি।

১ জুলাই থেকে পাহাড়ের মানুষ ১২৫ দিনের কাজের সুবিধা পাবেন। আগে রাজ্যে নেগেটিভ সরকার ছিল, কিন্তু এখন পাহাড়ের শিক্ষা ব্যবস্থায় আর কোনো দুর্নীতি হবে না।

অন্নপূর্ণা ভাণ্ডার ও আয়ুষ্মান প্রকল্পের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষ সবসময় বিজেপির পাশে থেকেছে। পাহাড়ের সমস্ত এলাকার মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। রাজ্য সরকার পাহাড়বাসীর সমস্ত প্রত্যাশা পূরণ করবে।

এছাড়া প্রায় সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পাবেন। তিনি আরও বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন এর জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর এবং উন্নয়নের জন্য ম্যাপ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। এখানকার মানুষ ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাবেন এবং কেন্দ্রের সব প্রকল্প এখানে বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, এদিন কার্শিয়াংয়ের জনসভায় মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানান বিজেপি সাংসদ রাজু বিস্তা। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং বিভিন্ন জনজাতির প্রতিনিধিরা। বাগডোগরা থেকে সড়কপথে কার্শিয়াঙে আসার সময় রাস্তার দু'ধারে প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ভিড় জমিয়েছিলেন।