যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন সমঝোতায় লেবাননে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হলেও, সেই অবস্থানের তোয়াক্কা না করে লেবাননের বিভিন্ন অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

সোমবার (১৫ জুন) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের খিয়াম শহরে দুটি পৃথক বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া কাফার তিবনিত এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের সরকারি সংবাদমাধ্যম।

শুধু ড্রোন হামলাতেই সীমাবদ্ধ থাকেনি অভিযান। কাফার তিবনিত এবং নাবাতিহ আল-ফাওকা এলাকাজুড়ে ব্যাপক কামান হামলাও চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দক্ষিণাঞ্চলের প্রধান শহর টায়ারের দিকে যাওয়ার হারিস-তিবনিক সড়কে দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক বোঝাই একটি এম১১৩ সাঁজোয়া যান বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইলি সেনারা। রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত এই বিস্ফোরণের পর সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ দেশটির বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য চুক্তিতে লেবানন সম্পর্কিত যেসব শর্ত রয়েছে, সেগুলো মেনে চলতে ইসরাইল বাধ্য নয়।

ফলে যুদ্ধবিরতির প্রচেষ্টা এবং কূটনৈতিক তৎপরতা চললেও, লেবানন সীমান্তে নতুন করে উত্তেজনা বৃদ্ধি এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।