পুবের কলম ওয়েব ডেস্কঃ সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামে আয়োজিত জনকল্যাণ শিবির থেকে তিনি জানান, ভবিষ্যতে সরকারি চাকরির পরীক্ষায় ওএমআর শিট পরীক্ষার্থীরা নিজেদের কাছে রাখতে পারবেন। এর ফলে পরীক্ষার ফলাফল ও মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে যে কোনও ধরনের সন্দেহ বা বিতর্ক অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসন। এরফলে পরীক্ষার্থীরা ফল প্রকাশের সময় প্রাপ্ত নম্বরের সঙ্গে নিজের উত্তর মিলিয়ে দেখার সুযোগ থাকবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে তিনি জানান।

একই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, লিখিত পরীক্ষার গুরুত্ব আরও বাড়ানো হবে এবং মৌখিক পরীক্ষার নম্বরের গুরুত্ব তুলনামূলকভাবে কমানো হবে। এর ফলে যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নিয়োগ আরও নিরপেক্ষভাবে করা সম্ভব হবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতার ওপর জোর দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত অতীতের বিতর্ক ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরকার একাধিক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সেই পদক্ষেপের অংশ হিসেবেই এবার উত্তরপত্রের অনুলিপি পরীক্ষার্থীদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।