পুবের কলম ওয়েব ডেস্কঃ পূর্ববর্তী সরকারের আমলে বিচার না পাওয়া নানা ঘটনার ক্ষত নিয়ে নতুন সরকারের দ্বারস্থ হলেন একাধিক সন্তানহারা মা। এক দিকে কালীগঞ্জে বোমার আঘাতে নিহত ছোট্ট তামান্নার মা সাবিনা ইয়াসমিন নতুন প্রশাসনের তদন্তে আস্থা রাখার কথা জানালেন, অন্য দিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’-এ উঠে এল আয়ুষকুমার নাথ ও বর্ধমান মেডিক্যাল কলেজের ছাত্র অমর্ত্য ঘোষালের মৃত্যুর বিচার চেয়ে পরিবারের আর্জি। শনিবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে আয়োজিত এই দরবারে মুখ্যমন্ত্রী অভিযোগকারীদের বক্তব্য শুনে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।

২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার আগে তৃণমূলের একটি বিজয় মিছিল থেকে তামান্নাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ।

সেই ঘটনায় মৃত্যু হয় ছোট্ট তামান্নার। পরবর্তী সময়ে ২০২৬ সালের লোকসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হয়েও পরাজিত হন তাঁর মা সাবিনা। তবে ভোটে হারলেও মেয়ের মৃত্যুর বিচার নিয়ে তিনি আশাবাদী। তাঁর কথায়, তসরকার বদলের পরে তদন্তের কাজে অগ্রগতি হয়েছে।
শুভেন্দু সরকারের উপর আমার ভরসা আছে। আমি আশা করছি, মেয়ের মৃত্যুর সুবিচার পাব।দ তাঁর দাবি, ঘটনায় অভিযোগ দায়ের হওয়া ২৪ জনের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। শনিবার কৃষ্ণনগর পুলিশ জেলার নতুন এসপি অতুল ভি-র সঙ্গে দেখা করে তদন্তের অগ্রগতি নিয়েও কথা বলেন তিনি।

শুধু বিচার নয়, চিকিৎসা ও কর্মসংস্থান সংক্রান্ত সমস্যাও উঠে আসে জনতার দরবারে। ধাপা মাঠপুকুরের করুণা বাউড়ি তাঁর মেয়ের মুখের টিউমারের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার নেওয়ার আশ্বাস দিয়েছেন। বেতন বৃদ্ধি ও সুযোগ-সুবিধার দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন ফার্স্ট টিয়ার সুপারভাইজাররাও। পাশাপাশি ‘মিশন বাত্সল্য’ প্রকল্পের প্রোগ্রাম অফিসার তনিমা চট্টোপাধ্যায় জানান, রাজ্যের ৮৭৬ জন চুক্তিভিত্তিক কর্মী দীর্ঘদিন ধরে চাকরির নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর অভিযোগ, তআগের সরকার আমাদের দীর্ঘদিনের দাবি নিয়ে কোনও পদক্ষেপ করেনি। নতুন সরকারের কাছে আমাদের পরিষেবা স্থায়ী করার আবেদন জানিয়েছি।’