পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপ ফুটবলে সোমবার দু’বার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-২ গোলে খেলা শেষ করল জাপান। প্রথমার্ধে ঘুমপাড়ানি ফুটবলের পরে দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল হয় চারটি। প্রথমার্ধে মনে হচ্ছিল, দুটি দলকেই জোর করে মাঠে নামানো হয়েছে। দ্বিতীয়ার্ধে অবশ্য পুরো চিত্রটাই বদলে যায়। ফিরে পাওয়া গেল লড়াকু জাপানকে।

প্রতি আক্রমণে যারা ডাচদের নাভিশ্বাস তুলে দেয়। 

 ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন নেদারল্যান্ডসের ড্যানিয়েল মালেন। তাঁর শট বারপোস্টের উপর দিয়ে চলে যায়। এরপরে প্রথমার্ধে উল্লেখযোগ্য কিছু ঘটেনি। তারমধ্যেই ডাচদের কয়কটি আক্রমণ রুখে দেন জাপানি গোলরক্ষক জিয়ান সুজুকি।

 

দ্বিতীয়ার্ধে ছিল একাধিক চমক। যা শুরু করে নেদারল্যান্ডস। ৫১ মিনিটে ডান দিক থেকে ভেসে আসা বলে ফাঁকায় হেড করে গোল করে যান ভ্যান ডিউক। গোল খেয়েই স্বমূর্তী ধারণ করে জাপান। ৬ মিনিট পবেই গোল পরিশোধ করে দেয় তারা।

বক্সের মধ্যে কুবো পাস বাড়ান নাকামুরাকে। তিনি নিচু শটে হার মানান ডাচ গোলরক্ষককে। এরপরে আক্রমণ প্রতি-আক্রমণে খেলা এগোতে থাকে। কয়েক মিনিট পরেই ফের লিড নেয় নেদারল্যান্ডস। বল নিয়ে জাপানের বক্সে ঢুকে বাঁ দিকে সরে গিয়ে, বাঁ পায়ের শটে গোল করে যান সামারভিল। যখন মনে হচ্ছিল নেদারল্যান্ডস তিন পয়েন্ট পেতে চলেছে, তখনই ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে কোকি ওগাওয়ার শট দাইচির গায়ে লেগে গোলে ঢুকে যায়। ফলে দু’দলকেই একটি করে পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।